সুমন আহমদ, দোয়ারাবাজার প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন দ্বীনেরটুক যুব ঐক্য পরিষদ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষে থেকে গ্রামের প্রায় ৫০টি পরিবারের মাঝে ইফতারের প্রয়োজনীয় খাদ্যপণ্য সম্বলিত ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠার লগ্ন থেকেই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। গ্রামের যুবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠনটি বিগত চার বছর ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের বর্তমান কার্যক্রম নিয়ে দ্বীনেরটুক যুব ঐক্য পরিষদ এর সভাপতি মোঃ জুয়েল আহমদ বলেন:- আমাদের মূল লক্ষ্য হলো সমাজের উন্নয়ন এবং গ্রামের হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সাধ্য অনুযায়ী অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর। রমজানের এই ইফতার সামগ্রী বিতরণ আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ মাত্র।
সংগঠনের নেতৃবৃন্দ জানান:- গত ৪ বছর ধরে তারা সাধ্যমতো গ্রামের অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে তাদের। তারা যেন আজীবন এভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকতে পারেন, সেজন্য এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
বিতরণকালে সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাদের এই সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
