মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগারকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মিলিত ব্যবসায়ী সমাজ ও ভাঙ্গুড়া পৌর জামায়াতের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি হাফিজ উদ্দিন বাহারের সভাপতিত্বে এবং ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
