পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা সেতু এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি ও মাটি ব্যাবস্থাপনা আইনে এই জরিমানা করেন। এ সময় জরিমানার অর্থ নগদ প্রদান করতে না পারায় ঠিকাদারী প্রতিষ্ঠানের দু্ইজন কর্মচারীকে ধরে নিয়ে যাওয়া হয়। জরিমানার অর্থ প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে। একই সাথে নদীতে বালি উত্তোলনে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়।
জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ধরধরা খালে একটি সেতুর নির্মান কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণে নদী থেকে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, সরকারি কাজে অবৈধ উপায়ে ড্রেজার ব্যবহারের দায়ে এই জরিমানা করা হয়েছে । ঠিকাদার তো সরকারের কাছে সংযোগ সড়ক নির্মাণে অর্থ বরাদ্দ পেয়েছেন তাহলে নদীতে অনুমোদন না নিয়ে তিনি কেন বালু উত্তোলন করলেন। এটি আইন বিরোধী হওয়ায় জরিমানা করা হয়েছে।
