রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি ভিডব্লিউবি চাল আটক করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনের উপর চড়াও হয়ে তাদের শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উপজেলার পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম মন্ডল ও কর্মী আবু সাঈদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগ উঠেছে, কার্ডধারী উপকারভোগীদের কাছ থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ভিডব্লিউবি’র চাল কিনছিল পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম মন্ডল ও কর্মী আবু সাঈদ। এ সময় তিন বস্তা চাল চেয়ারম্যান আটক করায় রাকিবুল ও আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের উপর, গ্রামপুলিশ শামীম ও নাফিউল নামে এক যুবকের উপর চড়াও হয়ে তাদের শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় নাফিউল বাদি হয়ে দুপুরের পর রাকিবুল ইসলাম মন্ডল ও আবু সাঈদের বিরুদ্ধে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদে অসহায়-দরিদ্র কার্ডধারী উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে সরকারি ভিডব্লিউবি চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় পারইল গ্রামের রাকিবুল ইসলাম মন্ডল ও আবু সাঈদ নামে দুইজন ইউনিয়ন পরিষদের ভেতরে প্রবেশ করে তারা উপকারভোগীদের কাছ থেকে সরকারি চাল কিনছিলেন। বিষয়টি জানতে পেরে আমি গ্রামপুলিশকে সঙ্গে নিয়ে ৩০কেজি ওজনের তিন বস্তা ভিডব্লিউবি চাল আটক করে উর্ধ্বতন কর্তৃপক্ষে জানাই। এতে তারা দুইজন আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমার এবং গ্রামপুলিশ শামীম ও নাফিউল নামে এক যুবকের উপর চড়াও হয়ে লাঞ্চিত করে। এ ঘটনায় তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
নাফিউল ইসলাম জানান, চেয়ারম্যানকে লাঞ্চিত করার সময় বাধা দিতে গেলে তারা আমাকে মারপিট করে এবং নানাভাবে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম মন্ডল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের ভেতরে একজন মহিলা কোলে সন্তান নিয়ে চালের বস্তা নিয়ে বের হতে পারছিলনা। দেখতে পেয়ে তার বস্তা পরিষদ থেকে বের করতে সহায়তা করেছি। সেই বস্তা বের করাকে কেন্দ্র করে চেয়ারম্যান মনে করেছে আমরা চাল ক্রয় করছি। সেখানে চাল ক্রয়ের কোন ঘটনা নেই। এছাড়া চেয়ারম্যানের উপর চড়াও হওয়া বা মারধরের যে অভিযোগ করছে তা মিথ্যা।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, এ ঘটনাটি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। তাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
