স্টাফ রিপোর্টার , তারাগঞ্জ (রংপুর) পবিত্র রমজান মাসকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগ উঠেছে। পাম তেলে ভাজা খাবার এবং অবিক্রীত ইফতার সামগ্রী পরদিন পুনরায় গরম করে বিক্রি করার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে প্রতিদিন বিকেলে বিপুল পরিমাণে বেগুনি, পিয়াজু, ছোলা, আলুর চপসহ নানা ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করা হয়। তবে এসব খাবার প্রস্তুতে নিম্নমানের পাম তেল ব্যবহার এবং একই তেল বারবার ব্যবহার করার ফলে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া অভিযোগ রয়েছে, একদিনের অবিক্রীত ইফতার সামগ্রী পরদিন আবার গরম করে বিক্রি করা হচ্ছে। এতে খাদ্যে বিষক্রিয়া ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে তারাগঞ্জের নতুন চৌপতিতে অবস্থিত এবং ভিতর বাজারে অবস্থিত একাধিক হোটেলের বিরুদ্ধে এমন অভিযোগ বেশি বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা বলেন, ইফতার কিনে বাড়িতে নিয়ে গেলে খাবারের স্বাদ ও গন্ধে বাসি মনে হয়। অনেক সময় তেলচিটচিটে ও অতিরিক্ত কালচে রঙের দেখা যায়।
স্বাস্থ্যসচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে একই তেল ব্যবহার করলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর বাসি বা নিম্নমানের খাবার গ্রহণ করলে ডায়রিয়া, পেটব্যথা ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হলে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা।
জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
