ঢাকাSaturday , 7 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য একটি ইলেকট্রনিক্সের দোকানে বিক্রির অভিযোগ

Mahamudul Hasan Babu
March 7, 2026 3:27 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য একটি ইলেকট্রনিক্সের দোকানে বিক্রির অভিযোগ উঠেছে/

শনিবার (৭ মার্চ) সকাল থেকে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে ‘আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোর’ থেকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ট্রাকে বিক্রির জন্য নির্ধারিত পণ্য ইলেকট্রনিক দোকানে বিক্রির ঘটনায় এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের প্রায় ৪০০ জন কার্ডধারীর জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমে সাধারণত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন- তেল, ডাল, চিনি ও ছোলা বরাদ্দ রয়েছে। যা নির্ধারিত মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করা হয়। তবে অভিযোগ উঠেছে, ট্রাকের মাধ্যমে খোলা জায়গায় পণ্য বিক্রির পরিবর্তে দোকানের ভেতর থেকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এতে করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেক কার্ডধারী সঠিকভাবে পণ্য পাচ্ছেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, শনিবার সকাল থেকেই ‘আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরে’ টিসিবির পণ্য নিয়ে ভিড় দেখা যায়। সেখানে দোকানের ভেতর থেকেই প্যাকেজ বিতরণ করা হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী জানান, বিকেল ৩টার দিকে ট্রাকসেল কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই পণ্য বিক্রি শুরু হয়েছে বলে শুনেছি।

দোকানে পণ্য বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সকালে পণ্য বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম জানান, ট্রাকসেলের পণ্য বিতরণের বিষয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের সমন্বয় করা হয়নি।

এদিকে টিসিবির ডিলার প্রতিষ্ঠান তানহা অ্যান্ড তালহা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মুতালেফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে গিয়ে আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্বাধিকারী আলামিন হোসেন মুঠোফোনে বলেন, গোডাউন থেকে প্যাকেটিং করে দোকানের সামনে ট্রাকসেলের পণ্য বিতরণ করা হচ্ছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য কোনো দোকান থেকে বিক্রি করার সুযোগ নেই। বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, টিসিবি বা ট্রাকসেল কার্যক্রমের পণ্য কোনো দোকান থেকে বিক্রির সুযোগ নেই। যদি ডিলার প্রতিষ্ঠান তানহা অ্যান্ড তালহা ট্রেডার্স এ ধরনের অনিয়ম করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।