সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর মহাদেবপুর উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিনের বিরুদ্ধে নিয়মিত অফিসে দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অফিসে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার কথা থাকলেও মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৪২ মিনিটে তাকে অফিসে প্রবেশ করতে দেখা যায়।
সরকারের ২০২৬ সালের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে এবং বাহিরে কোনো মিটিং, পরিদর্শন বা সরকারি প্রোগ্রাম থাকলেও সকাল ৯টা থেকে অন্তত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে। এরপর অফিসকে অবহিত করে সংশ্লিষ্ট কাজে বাইরে যাওয়ার বিধান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন দীর্ঘদিন ধরেই নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত হন না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে তার সাথে কথা বললে তিনি প্রথমে দাবি করেন, জেলা কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে কথা বলার কারণে তার অফিসে আসতে দেরি হয়েছে। পরে তিনি আবার বলেন, কয়েকটি ওএমএস (OMS) দোকান পরিদর্শন করে আসতে গিয়ে দেরি হয়েছে। এর আগে তিনি আরও বলেন, চারটি খাদ্য গুদাম দেখাশোনার দায়িত্ব থাকায় সময় লেগেছে।
তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই সময় তিনি কোনো ওএমএস দোকান বা খাদ্য গুদাম পরিদর্শনে ছিলেন না। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কর্মকর্তার দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তার সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়েছে ঠিকই, তবে ফোনে কথা বলার কারণে অফিসে দেরিতে আসা কোনোভাবেই যৌক্তিক নয়।”
তিনি আরও বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকল কর্মকর্তাকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হবে যাতে তারা সময়মতো অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।”
স্থানীয়দের মতে, সরকারি দপ্তরের কর্মকর্তারা যদি নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হন, তাহলে সাধারণ মানুষকে বিভিন্ন সেবার জন্য ভোগান্তির শিকার হতে হয়। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
