আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের বিএনপির নেতা কর্মী দ্বারা অপসারিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম সাকলায়েন ছেপুকে পুর্নবহালের চেষ্টা ও ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সালদহ গ্রামের বকুল (৪০), আনন্দবাস গ্রামের ইয়ারুল ইসলাম (৪৫), রাসেল (২০),সালদহের মোশারফ হোসেন কালু (৫০)সহ উভয়পক্ষের ৬জন আহত হয়েছেন। আহতদের বাড়ি রাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালুসহ আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আলফাজউদ্দীন কালুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী বাঁশবাগানে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর বরাদ্দকৃত চাল বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এতে ৮জন আহত হয়। এব্যাপারে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু জানান , বিএনপির একটি গ্রুপ আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারে বসিয়ে পরিষদ দখল করার ষড়যন্ত্র করলে বিএনপির একটি পক্ষ বাঁধা দিলে সংঘর্ষ ঘটে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ ওসেনাবাহিনী মোতায়েন রয়েছে।
