এস এ ডিউক ভূইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের তালা প্রতীকের পক্ষে কাজ করা মো. মোসলেম মিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর জেলার সহ ধর্মবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টে দেখা যায়, কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা হাজী মো. মোসলেম মিয়া প্রকাশ্যে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার (ধানের শীষ) বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের (তালা) পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।
নির্বাচনের আগে ও পরে তাঁর একাধিক বক্তব্যের ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুকে ভাইরাল হয়। একটি বক্তব্যে তিনি বলেন,
“আমরা দল-মত বুঝি না। এম এ মতিন খান আমাদের এলাকার সন্তান। আমরা তাঁকে তালা মার্কায় ভোট দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বুঝিয়ে দেব তিনি আমাদের যোগ্য প্রার্থী। তিনি আমাদের কাছে পিতার মতো একজন সোনার মানুষ।”
তিনি আরও বলেন, এলাকার মানুষ মিলে এম এ মতিন খানকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হবে এবং তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
এছাড়া নির্বাচনের দিন কদমতলী ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাজী মোসলেম মিয়া বলেন, “ইনশাআল্লাহ আমরা আশাবাদী তালা বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে।”
এদিকে, এমন বক্তব্য ও কর্মকাণ্ডের পরও তাঁকে জাসাস কুমিল্লা উত্তর জেলার সহ ধর্মবিষয়ক সম্পাদক পদে পদায়ন করায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দলীয় সিদ্ধান্তের সমালোচনা করছেন।
