ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আনসার-ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে ভাঙ্গুড়ায় ভাতাভোগী সদস্যদের ঈদ উপহার সামগ্রী প্রদান

Mahamudul Hasan Babu
March 13, 2026 6:22 am
Link Copied!

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে উপজেলার ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সর্বমোট ৪০ জন ভাতাভোগী সদস্য ঈদ উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাহিনীর ভাতাভোগী সদস্যদের বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ১ কেজি পোলাও চাল, সাধারণ সেমাই ২ প্যাকেট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, গুঁড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৪০০ গ্রাম, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও বাহিনীর লোগোসহ বড় শপিং ব্যাগ ১টি।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি‍‍`র উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, প্রশিক্ষিকা মোছা. আফরোজা খাতুন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, উপজেলার মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা মো. আছাদুল হক, ওয়ার্ড দলনেত্রী মোছা. আরজু খাতুন, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, ভাঙ্গুড়া ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার-ভিডিপি’র সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের মানবকল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা ভালো ভূমিকা রাখে। ঈদের আগে এই ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্যদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি বিশ্বাস করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. শাহজালাল ছোয়াদ জানান, সন্মানিত ডিজি স্যারের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিতে পেরেছি। এই উপহার প্রাপ্তি সদস্যদের দেশসেবায় অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। বাহিনীর প্রত্যেক সদস্য-সদস্যা সুন্দরভাবে যেন ঈদ উদযাপন করতে পারেন তার জন্য বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।