স্টাফ রিপোর্টার: আবু সালমান: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নে বিষ প্রয়োগ করে একটি গরু ও ১১টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) ভোরে উপজেলার ৫নং ওয়ার্ডের হাজী আব্দুর রব বাড়ির খামারি অলি আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি অলি আহমেদ জানান, তিনি অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গরু ও হাঁসগুলো গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখেন একটি গরু ও ১১টি হাঁস মরে পড়ে আছে।
তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার এই অবলা প্রাণীগুলোকে হত্যা করেছে।
অলি আহমেদ আক্ষেপ করে বলেন, “আমি একজন অসহায় মানুষ। ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক আশা করে গরুগুলো কিনেছিলাম। এর আগেও আমার দুটি গরু একইভাবে মারা গিয়েছিল, যেগুলোর বাজারমূল্য ছিল প্রায় চার লাখ টাকা। একের পর এক লোকসানে আমি এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি। এখন কীভাবে ব্যাংকের কিস্তি শোধ করব এবং কীভাবে সংসার চালাব, তা ভেবে কোনো কূল পাচ্ছি না।”
স্থানীয়রা জানান, অলি আহমেদ একজন সাধারণ ও পরিশ্রমী খামারি। তার সঙ্গে এমন অমানবিক আচরণ অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী খামারি বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপ ও সরকারি সহযোগিতার আশায় দিন গুনছেন।
