ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

Mahamudul Hasan Babu
March 13, 2026 9:32 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:ডিজিটাল প্রযুক্তিনির্ভর আধুনিক সময়ে ধীরে ধীরে কমে যাচ্ছে বই পড়ার চর্চা। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেমস ও নানা ধরনের ডিজিটাল বিনোদনের ভিড়ে লাইব্রেরিকেন্দ্রিক জ্ঞানচর্চা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। অথচ লাইব্রেরি বা গ্রন্থাগার মানবসভ্যতার জ্ঞান, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান ভাণ্ডার।

জ্ঞান অর্জন ও মানবিক মূল্যবোধ বিকাশে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। একটি লাইব্রেরি শুধু বইয়ের সংগ্রহশালা নয়, বরং মানুষের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের অর্জিত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে লাইব্রেরি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। লাইব্রেরিতে সংরক্ষিত বই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে মানুষের অভিজ্ঞতা ও জ্ঞান পৌঁছে দেয়।

সংশ্লিষ্টদের মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে তরুণ প্রজন্মের অনেকেই বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। ফলে জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে লাইব্রেরির ব্যবহারও কমে যাচ্ছে।

তবে উন্নত বিশ্বের অনেক দেশে এখনো লাইব্রেরি ব্যবহারের সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী। সেখানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। শিশুদের ছোটবেলা থেকেই লাইব্রেরির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার ফলে তারা বই পড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলে।

বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের ছোটবেলা থেকেই লাইব্রেরির সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা টিকটক, অনলাইন জুয়া কিংবা অতিরিক্ত অনলাইন গেমসসহ বিভিন্ন ক্ষতিকর ডিজিটাল আসক্তি থেকে দূরে থাকতে পারবে এবং বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

এমন প্রেক্ষাপটে নওগাঁ জেলা পুলিশ লাইনে বই পড়ার পরিবেশ গড়ে তুলতে একটি নতুন লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি সীমিত পরিসরে যাত্রা শুরু করেছে পুলিশ লাইন লাইব্রেরি “বাতিঘর”।

এই লাইব্রেরির মূল উদ্দেশ্য পুলিশ সদস্যদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাদের মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। সংশ্লিষ্টরা জানান, নওগাঁ জেলা পুলিশ লাইনে দীর্ঘদিন ধরেই একটি সমৃদ্ধ লাইব্রেরির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেই প্রয়োজনীয়তা থেকেই ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে।

লাইব্রেরিটিকে আরও সমৃদ্ধ করতে নওগাঁ জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক বই সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জেলার লেখক, গবেষক ও সচেতন নাগরিকদের নিজস্ব লেখা বই বা প্রকাশনা লাইব্রেরি “বাতিঘর”-এ দান করার জন্য আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা ব্যক্তিগতভাবে, কুরিয়ার বা ডাকযোগে পুলিশ সুপারের কার্যালয়, নওগাঁতে বই পাঠাতে পারবেন।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, এই লাইব্রেরির মাধ্যমে পুলিশ সদস্যরা অবসর সময়ে বই পড়ার সুযোগ পাবেন এবং তাদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির পরিধি আরও বিস্তৃত হবে।

জ্ঞানচর্চার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, নওগাঁ পুলিশ লাইনের “বাতিঘর” লাইব্রেরি ভবিষ্যতে জ্ঞান, মনন ও আলোর এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।