আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার গাড়াডোব পোড়াপাড়ায় ইটভাটায় রাতের বেলায় ভাটায় মাটি নামাতে গেলে ড্রামট্রাকের সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ হলে ঘটনাস্থলেই ড্রামট্রাকের চালক মহিরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। এসময় ড্রামট্রাকে থাকা অন্যজন হেলপার সজিব(৩০) বিদ্যুতায়িত হয়ে গাড়ী থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
নিহত মহিরুল ইসলাম তেরাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও আহত সজিব উপজেলার ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে, গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামের ময়নাল হকের ইটভাটায় রাত আনুমানিক ২ টার দিকে।
জানা গেছে, রাতের বেলায় অন্যান্যদিনের মত মাটি বহন করে থাকে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে মাটি নিয়ে ভাটায় নামানোর সময় উপর দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে গাড়ী বিদ্যুতায়িত হয়ে চালক ঘটনাস্থলেই মারা যায়। অন্যজন হেলপার সজিবকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে গাংনী থানার এস আই অঙ্কুশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।
