ঢাকাSaturday , 14 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদকসহ কোস্ট গার্ডের হাতে আটক মহিলা দল সহ–সভাপতির স্বামী

Mahamudul Hasan Babu
March 14, 2026 3:13 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তার স্বামী অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলার চিলা বাজার সংলগ্ন একটি বসতবাড়িতে কোস্ট গার্ড বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িটি থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং অভিজিৎ পাড়ই শান্ত নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক অভিজিৎ পাড়ই শান্ত মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে। তিনি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির স্বামী বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অভিজিৎ পাড়ই শান্ত পালানোর চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে তিনি আটক হন। তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতেই তার বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে তানিয়া বিশ্বাস লিথি জানান, তার বসতঘর থেকে মদ উদ্ধারের ঘটনা সত্য। তবে এসব মদ তাদের নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, মদগুলো তার স্বামীর এক পরিচিত ব্যক্তির, যিনি সাময়িকভাবে সেগুলো তাদের ঘরে রাখার জন্য দিয়েছিলেন। তবে ওই ব্যক্তির নাম তিনি উল্লেখ করেননি। তিনি আরও জানান, তার স্বামী স্থানীয় একটি ওয়ার্ড বিএনপির সদস্য।
মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, ‘অপরাধী কোনো দলের নয়। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন সবার জন্য সমান। সে যত বড় নেত্রীই হোক না কেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।