রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ নদী-নালা,খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচি–২০২৬ এর আওতায় জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি (জিয়া খাল)এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, শাহ ওয়ারেছ আলী মামুন এমপি এবং মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমানে দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন করা হচ্ছে।কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে,কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়,চরাঞ্চলের কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও পানির সমস্যা সমাধানের লক্ষ্যে ৮০’র দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর,কড়ইতলা ও আইড়মারী হয়ে চিনারচর দশানী নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ কাটাখালি (জিয়া খাল) খনন করা হয়।
স্থানীয় কৃষকদের মতে,খালটি পুনঃখনন করা হলে চরাঞ্চলের কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং কম খরচে ফসল উৎপাদন করতে পারবেন। এতে পানির সংকটও অনেকটা দূর হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
