মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা-এর শাবরুল গ্রামে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন উম্মাহ কেয়ার ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ৫৯টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, “কোরআন-সুন্নাহর আলোকে মানবতার কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমে প্রতিটি পরিবারের জন্য দেওয়া হয় নারকেল, আতপ চাল, সেমাই, লাচ্ছা, ময়দা, কিসমিস, বাদাম, চিনি এবং শিশুদের জন্য মেহেদি।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের দায়িত্বশীলরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
