মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা মোংলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করে।
এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভাব হয়নি। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
