বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত|
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বোদা থানা পুলিশ|
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন| এ সময় মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারা মোতাবেক উভয়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়|
দণ্ডপ্রাপ্তরা হলো, ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপাড়া গ্রামের মৃত রহমান আলীর পুত্র রবিউল ইসলাম এবং পঞ্চগড় সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের আবদুস সামাদের পুত্র আল আমিন|
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা জানান, বিকেলে ময়দানদিঘী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই তহিদুল ইসলাম, এএসআই ফারুক সহ পুলিশের একটি দল মানিকের হোটেলের রান্নার ঘরে ইয়াবা সেবনের সময় তাদেরকে মাদকসহ আটক করে পুলিশ| ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান করা হলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে|
