বাদশা আলম, বগুড়া – বগুড়ার শেরপুরে উদীয়মান ক্রিকেটারদের খুঁজে বের করতে অনুষ্ঠিত হয়েছে “ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬”। শনিবার (২৫ এপ্রিল) সকালে শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুল মাঠে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসিফ সিরাজ রব্বানী। “একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট” সামাজিক উদ্যোগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার বিভিন্ন এলাকার কিশোর ক্রিকেটারদের মধ্যে।
অনূর্ধ্ব-১৬ বয়সসীমার শতাধিক প্রতিভাবান ক্রিকেটার এতে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিনটি বিভাগেই তাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হয়।
ট্যালেন্ট বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, যিনি খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করেন। এ সময় তিনি বলেন, “গ্রামাঞ্চলে অনেক প্রতিভা লুকিয়ে আছে। সঠিক সুযোগ পেলে এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে।”
এসো একসাথে গড়ি সবৃদ্ধি শেরপুর-ধুনটের কর্ণধার আসিফ সিরাজ রব্বানী জানান, নির্বাচিত খেলোয়াড়দের রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি-তে দুই বছর মেয়াদি সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণের সকল ব্যয় বহন করবে আয়োজক প্রতিষ্ঠান। অনেকেই মাদক নির্মূল করার কথা বলেন, কিন্তু এরজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন না তাই মাদক নির্মূল সম্ভব হয় না। এই দিক বিবেচনা করেই শিশু কিশোরদের মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট ট্যালেন্টের উদ্যোগ নিয়েছি।
এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরুণ ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে এ আয়োজন নতুন আশার সঞ্চার করেছে। তারা আসিফ সিরাজ রব্বানীর দৃষ্টি আকর্ষণ করে বকেন, যদি প্রত্যেক বছর বাছাই প্রক্রিয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারতাম এতে করে অত্যন্ত গ্রামাঞ্চল থেকেও ভালো ভালো ক্রিকেটার উঠে আসবে বলে বিশ্বাস করি।
