মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের সদর ইউনিয়নের পুইবিল নামক স্থানে শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বঙ্কিরহাট গ্রামের বাসিন্দা আবু তালেব মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ভাঙ্গুড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে সদর ইউনিয়নের পুইবিল বাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা খাদিজা খাতুন পড়ে গিয়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ভাঙ্গুরা থানার পুলিশের উপরিদর্শক সুব্রতকুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করেছে গ্রামবাসী। তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
