আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় বেড়ীবাঁধ সংলগ্ন কৃষিজমির মাটি রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় প্রায় ৭০০ পরিবারের বসবাস। সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি রাতের অন্ধকারে বেড়ীবাঁধের প্রায় ২ থেকে ৩ কিলোমিটার অংশের মাটি কেটে নিয়ে গেছে, যা পুরো এলাকার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
তারা জানান, কালিশুরী-বেকুড়িয়া নদীর প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ বেড়ীবাঁধের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে মাটি অপসারণ করা হয়েছে। এতে এসএম গোলাম রাব্বানীর ৯ শতাংশ, সত্তার রাঢ়ীর ৫ শতাংশ এবং আনিচুর রহমান রাঢ়ীর ১০ শতাংশ জমিসহ অন্তত ১০ থেকে ১৫টি পরিবারের কয়েক একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ডাকুরিয়া নদীর তীরবর্তী এ বেড়ীবাঁধ দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় জলোচ্ছ্বাস বা অতিবৃষ্টির ফলে ফসলি জমি ও বসতভিটা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, স্থানীয় কয়েকটি ইটভাটার মালিক—যার মধ্যে এমএমবিসি ও মিম ব্রিকফিল্ড উল্লেখযোগ্য—এই মাটি কাটার সঙ্গে জড়িত।
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে এবং বেড়ীবাঁধ ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন মো. সাইদুল ইসলাম, মাহমুদ সিকদার এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তৈয়ব মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
