সবুজ হোসেন, নওগাঁ: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় নওগাঁ নওজোয়ান ঈদগাহ মাঠে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের পর্দা ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলুর প্রতিনিধি হিসেবে নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. মিজানুর রহমান, নওগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ৫নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি লুৎফর বেগম এবং সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে ধামকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও চুনিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করে। খেলাটি উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি কয়েকদিনব্যাপী চলবে। আগামী ২৮ এপ্রিল বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
