মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের অভিযানে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার শরৎনগর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারে পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও আইনগত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।
অভিযান চলাকালে চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামের বাসিন্দা মো: বাচ্চু মোল্লা (৫৮), পিতা মৃত ইয়াসিন মোল্লাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৪ ও ৮ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে অপরিষ্কার পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রির ফলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন মেনে চলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
