এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরল উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ত্রৈমাসিক প্রকাশনা বিরোলিয়া এর মোড়ক উন্মোচন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে বিরল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রশাসনের ব্যাতিক্রম উদ্যোগে ত্রৈমাসিক প্রকাশনা ‘বিরোলিয়া’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এই উপজেলায় যোগদানের পর থেকেই এলাকার সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও প্রতœতাত্ত্বিক নিদর্শন গুলো সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। তাঁরই সুদূর প্রসারী চিন্তা-ভাবনা ও নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় প্রথম বারের মতো আত্মপ্রকাশ করল এই ত্রৈমাসিক প্রকাশনা “বিরোলিয়া”।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, একটি অঞ্চলের উন্নয়ন তখনই সার্থক হয়, যখন তার নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষিত থাকে। বিরল উপজেলার রয়েছে এক গৌরবময় অতীত ও সমৃদ্ধ সংস্কৃতি। এই ইতিহাস যেন হারিয়ে না যায় এবং নতুন প্রজন্ম যেন নিজেদের শিকড় সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা ‘বিরোলিয়া’ প্রকাশের উদ্যোগ নিয়েছি। এটি কেবল একটি সরকারি বুকলেট নয়, বরং এটি এই উপজেলার একটি স্থায়ী ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করবে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
প্রথমবারের মতো প্রকাশিত মোট ৬ পৃষ্ঠার এই তথ্যবহুল প্রকাশনাটিতে বিরল উপজেলার সামগ্রিক পরিচিতি, ইতিহাস ও ঐতিহ্য সংবলিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৪ টি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে।
উন্নতমানের এই প্রকাশনাটি সম্পাদনা ও প্রকাশ করেছেন স্বয়ং বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। রাজধানী ঢাকার ফকিরাপুলের প্রখ্যাত ‘হেরিটেজ প্রিন্টার্স’ এটির আকর্ষণীয় অলংকরণ ও মুদ্রণের কাজ সম্পন্ন করেছে। এছাড়া প্রকাশনাটির জন্য মাঠপর্যায় থেকে প্রয়োজনীয় তথ্য সংকলন করেছেন বিরল উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আনিছুর রহমান সরকার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায়, বোর্ডহাট কলেজ এর প্রভাষক বিধান কুমার দত্ত, রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, দিনাজপুর জেলার শ্রেষ্ঠ জন্ম ও মৃত্যু নিবন্ধনকারী ইউনিয়ন ৬ নং ভান্ডারা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রকুনুজ্জামান খোকন, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বিরোলিয়া’ প্রকাশনার মাধ্যমে বিরল উপজেলার ইতিহাস ও ঐতিহ্য কেবল সংরক্ষিতই হবে না, বরং তরুণ প্রজন্ম নিজেদের গৌরবময় অতীত সম্পর্কে খুব সহজেই জানতে পারবে।
মোড়ক উন্মোচনের পূর্বে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা, মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিটির সভা, শিশু ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভাসহ বেশকয়েকটি সভা অনুষ্ঠিত হয়।
