জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন চর মেকলিবাসী।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলি ওয়ার্ডের স্থানীয় জনগণের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধরলা নদীর অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কার কথা তুলে ধরে রাখেন, অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম এর প্রতিনিধি সীমা খাতুন, ইউপি সদস্য ইলিয়াস হোসেন, ভাঙ্গনের শিকার হওয়া মফিজুল হক, ইসরাইল হোসেন, লাভলী বেগম সহ আরো অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ধরলা নদীর ভাঙনে ইতোমধ্যে তাদের বসতভিটা, আবাদি জমিসহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় মসজিদ হুমকির মুখে পরেছে। প্রতি বছর ভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদও হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কা রয়েছে তাদের।
তারা আরও বলেন, পাশের লালমনিরহাট জেলা,এবং কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলায় এই নদী সংযুক্ত রয়েছে তাদের এলাকায় বাঁধ নির্মাণ করা হলেও শুধুমাত্র ফুলবাড়ী উপজেলার চর মেখলীসহ এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এমন সুবিধা থেকে বঞ্চিত। তাই বৈষম্য দূর করে জরুরি ভিত্তিতে ধরলা নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
