ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-গোপালগঞ্জ রুটের নতুন ট্রেন লাইনে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: চরম আতঙ্কে যাত্রীরা, তদারকি নিয়ে প্রশ্ন

Mahamudul Hasan Babu
August 17, 2026 11:34 am
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী। ঢাকা-গোপালগঞ্জ রুটের নতুন চালু হওয়া রেলপথে যাত্রীদের নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে। গতকাল ১৬ আগস্ট বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী কমিউটার ট্রেনে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও ইভটিজিংয়ের ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারির অভাবে নতুন এই রেলপথের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে।

​যাত্রীসূত্রে জানা যায়, বিকেল ৩:৪৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা পথে কেরানীগঞ্জ, নগরকান্দা ও মহেশপুর স্টেশন থেকে একদল উঠতি বয়সের কিশোর ও যুবক ট্রেনে উঠে পুরো বগিতে দৌরাত্ম্য শুরু করে। তারা ট্রেনের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি, সাধারণ যাত্রীদের হয়রানি এবং নারীদের উদ্দেশ্যে ইভটিজিং সহ নানা ধরনের উৎপাত করতে থাকে। চলন্ত ট্রেনে তাদের এই তাণ্ডবে ট্রেনে থাকা পরিবার ও শিশু যাত্রীরা চরম আতঙ্কে দিন কাটান। সন্ধ্যা ৭:৩০ মিনিটে ট্রেনটি গোপালগঞ্জ পৌঁছানো পর্যন্ত এই আতঙ্ক বজায় ছিল। পুরো যাত্রাপথে ট্রেন কর্তৃপক্ষের বা দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।

​পরিস্থিতি কেবল ট্রেনের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। গোপালগঞ্জ থেকে ট্রেনটি যখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তখন মহেশপুর স্টেশনে পৌঁছালে ক্ষুব্ধ সাধারণ যাত্রীদের সাথে উক্ত কিশোর গ্যাংয়ের অপ্রীতিকর ঘটনা ঘটে এবং একপর্যায়ে কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা যাত্রীদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় ট্রেনের পরিচালকের বগীর জানালা ক্ষতিগ্রস্ত হয়।

​ভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, পরিবার নিয়ে আরামদায়ক ও নিরাপদ যাত্রার আশায় ট্রেনে উঠেছিলাম, কিন্তু পুরো পথ চরম আতঙ্কের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। নতুন রেললাইনে যদি এভাবে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে দ্রুতই যাত্রী সংখ্যা কমে যাবে। এ সময় ট্রেনটির পরিচালক বাথরুমে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন।

​দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধার্থে বাস্তবায়িত এই নতুন ট্রেন লাইনে শুরুতেই এমন অনিয়ম ও নিরাপত্তার অভাব রেলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। যাত্রীদের জোর দাবি, অবিলম্বে এই রুটের প্রতিটি ট্রেনে পর্যাপ্ত রেলওয়ে পুলিশ (জিআরপি) মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং কিশোর গ্যাংয়ের চিহ্নিত সদস্যদের দ্রুত আইনের আওতায় আনতে রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ প্রয়োজন।