রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় ও প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ। গত ১৬ আগস্ট রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান ও পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমান (ফজলু চেয়ারম্যান)-এর বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলাম (৩৫)-এর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৬৮ পিস থান কাপড়। প্রতিটি থান কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার হিসেবে মোট ৩ হাজার ২১৬ মিটার কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ভারতীয় কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় নাগেশ্বরী থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। মামলায় নির্দিষ্ট কয়েকজনসহ অজ্ঞাতনামা সীমান্ত চোরাকারবারিদের আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
অভিযান সম্পর্কে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
