ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই

Mahamudul Hasan Babu
August 25, 2026 5:26 pm
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আবুল কালাম আজাদ। অসুস্থতার কারণে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আবুল কালাম আজাদ পীরগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই বীর মুক্তিযোদ্ধা ব্যবসার পাশাপাশি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।
সংসদ সদস্য থাকাকালে তিনি পীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত কার্যক্রমে ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পীরগঞ্জের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।
১৯৫০ সালে জন্মগ্রহণকারী আবুল কালাম আজাদ পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম তছির উদ্দিন। ব্যবসা ও রাজনীতির পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও স্থানীয় জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।