রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধ প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কৃষক পর্যায়ে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ নিশ্চিত করা এবং সার নিয়ে অপপ্রচার বন্ধের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তা, বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরকারি নির্ধারিত নিয়মে সার বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সার বিতরণকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, হয়রানি কিংবা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না ছড়িয়ে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে কৃষকদের মাঝে সারের সরবরাহ ও বিতরণ-সংক্রান্ত প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় সভায় নাগেশ্বরী উপজেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা কৃষকদের স্বার্থে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত তদারকি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সংশ্লিষ্টরা কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে প্রশাসন, কৃষি বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
