লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিদার খোনারের বিরুদ্ধে জমি দখল, দলিলের মালিকানা নিয়ে অসংগতি, কথিত জাল আমমোক্তারনামা তৈরি এবং জমি-সংক্রান্ত নানা অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জমি-সংক্রান্ত বিভিন্ন বিরোধ ও অনিয়মের সঙ্গে দিদার খোনার জড়িত রয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট দলিলপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা, অভিযোগকারীদের দাবি, ১৯৭৩ সালের ২৩ জুলাইয়ের ৯৬১০ নম্বর দলিল এবং ২০১২ সালের ২৯ এপ্রিলের ১৮৬৮ নম্বর দলিলের মালিকানা নিয়ে গুরুতর অসংগতি রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, যাচাই করতে গিয়ে দেখা যায়, ৯৬১০ নম্বর দলিলটি আশ্রাফের নেছা, স্বামী আব্দুল হাসিম এবং ১৮৬৮ নম্বর দলিলটি মোহাম্মদ আজাদ উদ্দিন, পিতা মৃত আব্দুল অদুদের নামে রয়েছে। এ ছাড়া ১৯৩৪ সালের ৩১ মে তারিখের ১৮৩ নম্বর দলিল নিজের বলে উল্লেখ করার বিষয়েও আপত্তি তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, দলিলটি প্রকৃতপক্ষে এছাক মিয়া, পিতা কেরামত আলীর নামে রয়েছে।
এবার আরও গুরুতর অভিযোগ। ৯১/২০১৮ নম্বর দেওয়ানি মামলাকে কেন্দ্র করে দিদার খোনারের বিরুদ্ধে কথিত ভুয়া খাস আমমোক্তারনামা তৈরির অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন।অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য মেজর আব্দুল মান্নানের ভাতিজারা ২৭ জন মিলে শফিক উল্যাহ ওরফে বাংলা নেতাকে একটি আমমোক্তারনামা দলিল প্রদান করেন। পরবর্তীতে সেই আমমোক্তারনামা প্রত্যাহার করা হয় বলে তাদের দাবি। কিন্তু অভিযোগকারীদের প্রশ্ন, মূল আমমোক্তারনামার বাইরে কীভাবে তৈরি হলো কথিত খাস আমমোক্তারনামা? মোস্তফা মিয়া অভিযোগ করেন, তাদের চর কাদিরা মৌজার আরএস ৯৮১ খতিয়ানের ৬২৮৩ দাগে ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আরও অভিযোগ, মূল দলিলে চর কাদিরা মৌজার দিয়ারা ৪৩১ খতিয়ানের ২৬২০ ও ২৬২৭ নম্বর দাগের উল্লেখ থাকলেও কথিত খাস আমমোক্তারনামায় ২৬১৯ নম্বর দাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানি করতে একাধিক মামলা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।বাহার, ইসরাফিল ও ছিদ্দিক ব্যাপারী অভিযোগ করে বলেন, দিদার খোনারের বিরুদ্ধে আমমোক্তারনামা দলিল নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। তারা সংশ্লিষ্ট দলিল যাচাই করে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
শুধু দলিল নয়, বসতভিটা ও পারিবারিক সম্পত্তি নিয়েও উঠেছে অভিযোগ। মোহাম্মদ ইসমাইলের দাবি, তার স্ত্রী নুর জাহান বেগমের নামে দক্ষিণ চর কাদিরা মৌজার আরএস ১৪৩৯ খতিয়ানের ৮৭২ নম্বর দাগে ৪০ শতাংশ জমি রেকর্ডভুক্ত রয়েছে। অথচ ওই জমির অংশে দিদার খোনারের বসতভিটা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে ফখরুল ইসলাম অভিযোগ করেন, তাদের পারিবারিক সম্পত্তির ওপর জবরদখল করে জামিয়া মাদানিয়া মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করা হয়েছে। তার দাবি, তার চাচি মুরশিদা খাতুনের নামে আরএস ৯২৫ খতিয়ানের ৮৭৯ নম্বর দাগে ১ একর ৫৩ শতাংশ জমি রয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে স্থানীয় আবুল কাসেম ও ধনু মিয়ার অভিযোগ, তাদের জমি নিয়ে বিরোধের সময় একটি কথিত ভুয়া দলিলের বিষয় সামনে আসে। তাদের দাবি, নোয়াখালী থেকে সইমোহরী সংগ্রহ করে তারা দেখতে পান, মূল নথিতে টুকা মিয়া, পিতা আমিরউদ্দিন হাওলাদারের নাম রয়েছে। অথচ দিদার খোনারের উপস্থাপিত নথিতে পিতার নাম লেখা ছিল সৈয়দ উদ্দিন। তারা আরও অভিযোগ করেন, বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছিল এবং বৈঠকে নথি উপস্থাপনের পর তাদের আটকে রাখার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি হারুন চেয়ারম্যান বলেন, দিদার খোনারের বিরুদ্ধে জমি ও কাগজপত্রের কারসাজি নিয়ে বিভিন্ন অভিযোগ তিনি দেখেছেন। তিনি সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তির দাবি জানান।এসব অভিযোগের বিষয়ে দিদার খোনারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, এসব তথ্য-উপাত্ত সত্য নয়। আমি আপনার সঙ্গে সরাসরি দেখা করব।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, দিদার খোনারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
