রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চারটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অবশেষে লাঘব হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্দেশনায় এবং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের নিজস্ব অর্থায়নে যমুনার শাখা নদীর ওপর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।
শুক্রবার(২৭নভেম্বর)বিকেলে মানিকপটল বাজার সংলগ্ন মানিকপটল-ঝালোপাড়া যাতায়াতের একমাত্র পথে রঙিন বেলুনে সাজানো এই কাঠের সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল এলাকায় যমুনার শাখা নদীর ওপর কোনো সেতু বা কালভার্ট না থাকায় চারটি গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। নদীর কিছু অংশে পানি থাকায় প্রতিদিন কাপড় ভিজিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো এলাকাবাসীকে। বিষয়টি নজরে আসার পর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক নিজ উদ্যোগে ও অর্থায়নে এই সেতুটি নির্মাণ করে দেন।
সেতুটি চালু হওয়ায় এখন নারী,শিশু,শিক্ষার্থী ও বয়স্করা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পারাপার হতে পারছেন।
মানিকপটল এলাকার বাসিন্দা ওসমান গণি ও অটোচালক শামিম হাসান জানান,চার গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি। আগে সেতু না থাকায় রোগী,শিক্ষার্থী ও বয়স্কদের নিয়ে পারাপারে চরম বিপাকে পড়তে হতো। এখন কাঠের সেতুটি হওয়ায় যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরেছে। তবে ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
সেতুটি উন্মুক্ত করার সময় পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক ছাড়াও উপস্থিত ছিলেন-ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ,যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ,শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপুল সরকার,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফজল হক,ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় হাসান,সদস্য বিজয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
