ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Mahamudul Hasan Babu
April 25, 2026 12:14 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ সদরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা পেয়ে কৃষকদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে আউশ চাষে অধিক আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকদের জন্য নানামুখী প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে কৃষকদের উৎপাদন ব্যয় যেমন কমছে, তেমনি আবাদি জমির পরিমাণ ও ফসল উৎপাদনও বাড়ছে। আউশ ধানের আবাদ বৃদ্ধি পেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে।

বক্তারা আরও বলেন, কৃষি ও কৃষকবান্ধব এ ধরনের উদ্যোগ দেশের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের প্রণোদনা সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ সদর এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।