আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মানবাধিকার কর্মীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় ঝিকরগাছার হল রোড সংলগ্ন আকবর সাহেবের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার আঞ্চলিক প্রধান (খুলনা অঞ্চল) ও পশ্চিম জেলা শাখা যশোরের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্ব ও পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান মাহমুদ হাসান মাহমুদ লায়ন। তিনি তার বক্তব্যে সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মানবাধিকার কর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে তিনি গত ২৫ অক্টোবর ও ১০ জানুয়ারি অনুমোদিত পশ্চিম জেলা শাখা যশোর ও জোনাল কমিটির পরিচিতি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। এতে পশ্চিম জেলা শাখা যশোরের সভাপতি হিসেবে আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম মনিরের নাম ঘোষণা করা হয়। এছাড়াও জোনাল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শফিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আবু রায়হানের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক ও সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক হাকিম আলমগীর হোসেন আলম, সাংবাদিক খোরশেদ আলম এবং এনামুল হোসেন হৃদয়। এসময় আরও উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাখার কার্যনির্বাহী সভাপতি এমদাদুল, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, জোনাল কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম ও মোস্তফা কামাল, সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং মানবাধিকার কর্মীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যয়ের মধ্যদিয়ে পরিসমাপ্ত হয়।
