ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা

Mahamudul Hasan Babu
August 16, 2026 12:54 pm
Link Copied!

বাদশা আলম  বগুড়া প্রতিনিধি-বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলার তিন সফল মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্যপক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠান উপলক্ষে সকালে মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মাননাপ্রাপ্ত তিন মৎস্যচাষি হলেন উপজেলার মির্জাপুরের জাহিদুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের আবদুর রাজ্জাক এবং সীমাবাড়ী ইউনিয়নের হামিদুল হক সরকার। জাহিদুল ইসলাম দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে, আবদুর রাজ্জাক মনোসেক্স তেলাপিয়া চাষে এবং হামিদুল হক সরকার কার্পজাতীয় মাছ চাষে সাফল্যের জন্য এ সম্মাননা পান।
এ ছাড়া মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে ৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাসানুল মারুফসহ অন্যরা।
বক্তারা বলেন, মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মৎস্যচাষে চাষিদের আরও উৎসাহিত করতে হবে। দেশের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।