সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর মহাদেবপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ এমদাদুল হক ও মোঃ আফজাল হোসেন। তারা প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিবাদকারীরা বলেন, গত ১৬ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল এফএনএস, দৈনিক সংবাদ, বরেন্দ্র খবর, মহাদেবপুর দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে ‘মহাদেবপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের সঙ্গে তাদের নাম জড়ানো হয়েছে।
তাদের দাবি, প্রকৃতপক্ষে ওই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন এবং ঘটনার বিষয়ে তারা অবগতও ছিলেন না। ঘটনাস্থল থেকে তাদের বসতবাড়ির দূরত্ব প্রায় আট কিলোমিটার বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তারা।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, তাদের প্রতিবেশী মোঃ রায়হান আলম পূর্বশত্রুতার জের ধরে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের নাম ওই ঘটনায় জড়িয়েছেন। এতে তাদের সামাজিক ও পারিবারিকভাবে মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, অভিযোগকারী এলাহী বক্সের ছেলে বুলবুল আহমেদও স্বীকার করেছেন যে, ওই ঘটনার সঙ্গে এমদাদুল হক ও আফজাল হোসেন কোনোভাবেই জড়িত নন। অথচ তাদের অজান্তে নওগাঁ আদালতের এক আইনজীবীর মুহুরী মোঃ জোনাবেদ-এর ছেলে মোঃ রায়হান পূর্বশত্রুতার জেরে তাদের নাম সংযোজন করে সাংবাদিকদের কাছে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, প্রকাশিত সংবাদে তাদের নাম উল্লেখ করায় তারা সামাজিকভাবে বিব্রত ও মানহানির শিকার হয়েছেন। তাই সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সংশোধন করে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে মোঃ এমদাদুল হক ও মোঃ আফজাল হোসেন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে তাদের সম্পর্কে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছ থেকে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ রায়হান আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
