এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে মাদক সেবনরত অবস্থায় মাদক ও মাদক সেবনের সরঞ্জাম এবং ৫টি মোবাইল ফোনসহ ৫ জন মাদকসেবীকে আটক করেছে বিজিবি।
গত ০৩ নভেম্বর ২০২৬ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম এবং ৫টি মোবাইল ফোনসহ ৫ জন মাদকসেবীকে আটক করতে সক্ষম হয়।
আটতকৃতরা হলো, বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের গ্রামের আব্দুর রহিমের ছেলে লাইচু (২৭), মৃত মোসলেম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৩২), পচাঁপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে সাখাওয়াত (২৮), নাসিরুদ্দিনের ছেলে ওমর ফারুক (৩৫) এবং গোপালপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাফরুল ইসলাম।
আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম ও মোবাইল ফোনসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, একই রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ উপজেলার এনায়েতপুর বিওপি’র টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
