সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি দোকান থেকে ৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই দোকান মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বকের মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। এ সময় দুটি দোকানে অভিযান চালিয়ে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি দোকান মালিকদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে মহাদেবপুর থানা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ দূষণ রোধে এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।
