ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল সাজে মাগুরা,কাত্যায়নী উৎসব মহা সপ্তমীতে মানুষের ঢল

Mahamudul Hasan Babu
November 16, 2026 11:11 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়,,স্টাফরিপোর্টার ( মাগুরা)।। ঐতিহ্য, ধর্মীয় আবেগ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা।
উৎসবকে ঘিরে মাগুরা শহরসহ পুরো জেলায় বিরাজ করছে আনন্দমুখর পরিবেশ।
প্রাচীন রাজবাড়ির আদলে নির্মিত দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, নান্দনিক প্যান্ডেল, আধুনিক আলোকসজ্জা এবং বাঁশ-বেতের কারুকাজে নতুন রূপে সেজে উঠেছে পূজামণ্ডপগুলো।

রোববার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ১৯ নভেম্বর বিজয়া দশমীর পূজা, দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
মহা সপ্তমী পূজা ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলা শহর।

পূজাকে কেন্দ্র করে পুরো মাগুরা জেলা যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁশ, বেত ও কুটিরশিল্পের নিপুণ কারুকাজে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন মণ্ডপ ও প্রবেশদ্বার। কোথাও প্রাচীন রাজবাড়ির স্থাপত্যশৈলী, কোথাও ঐতিহ্যবাহী জমিদারবাড়ির আদলে নির্মাণ করা হয়েছে বিশাল গেট ও প্যান্ডেল। আধুনিক আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম এবং শিল্পীদের সৃজনশীল নকশায় প্রতিটি পূজামণ্ডপে যোগ হয়েছে ভিন্নমাত্রা।

শহরের নিজনান্দুয়ালী, জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার ও পারনান্দুয়ালীসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিটি মণ্ডপেই রাখা হয়েছে নতুনত্বের ছোঁয়া। বিশেষ করে সড়কের পাশে প্রাচীন রাজবাড়ির আদলে নির্মিত বিশাল প্রবেশদ্বার, বাঁশ-বেতের নান্দনিক কারুকাজ এবং আধুনিক আলোকসজ্জা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করছে। কুটিরশিল্পের ঐতিহ্যকে কাজে লাগিয়ে শিল্পীদের নিপুণ হাতে সাজানো হচ্ছে প্রতিটি মণ্ডপ।

প্রতিবছর কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে মাগুরায় লাখো মানুষের সমাগম ঘটে। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এ উৎসব উপভোগ করতে আসেন। প্রতিবেশী দেশ থেকেও দর্শনার্থীদের আগমন ঘটে বলে স্থানীয়দের ভাষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উৎসব পরিণত হয় এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আনুমানিক ১৯৫০ সালের দিকে মাগুরার পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি নামের এক ব্যক্তি কাত্যায়নী পূজার প্রচলন শুরু করেন। সময়ের পরিক্রমায় সেই আয়োজন আজ জেলার অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসব মাগুরার ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় বহন করছে।

এদিকে পূজাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একাধিক ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

সব মিলিয়ে ধর্মীয় আবেগ, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মেলবন্ধনে মাগুরায় শুরু হয়েছে কাত্যায়নী পূজার বর্ণিল আয়োজন। রাজকীয় সাজসজ্জা আর উৎসবের উচ্ছ্বাসে আগামী কয়েক দিন মাগুরা মুখর থাকবে দর্শনার্থী ও ভক্তদের পদচারণায়।