ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে জমি দখল ও জালিয়াতির প্রতিবাদে দিদার খন্দকারের বিরুদ্ধে মানববন্ধন

Mahamudul Hasan Babu
November 29, 2026 8:46 am
Link Copied!

আবু সালমান রামগতি- (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ​লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট বাজারে জমি দখল, দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। একই সঙ্গে ধর্ষণ মামলার পলাতক আসামি খলিলের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। ​মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক উল্লাহর ছেলে দিদার খোনকার সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, দলিলের তথ্য গোপন ও কারসাজি এবং হয়রানিমূলক মামলার সঙ্গে জড়িত। স্থানীয়দের দাবি, অবৈধ ঝাড়-ফুঁক ও তাবিজ-তুমারের মাধ্যমে খোনকারি পেশার আড়ালে প্রভাব খাটিয়ে তিনি এসব অনিয়ম করছেন।
​বক্তারা জানান, ৯৬১০, ১৮৬৮ ও ১৮৩ নম্বর দলিলের মালিকানা নিয়ে জালিয়াতি করা হয়েছে। প্রকৃত মালিক আশ্রাফের নেছা, মোহাম্মদ আজাদ উদ্দিন ও এছাক মিয়ার জমি নিজেদের বলে দাবি করছে একটি চক্র। এ ছাড়া ৯১/২০১৮ নম্বর দেওয়ানি মামলাকে কেন্দ্র করে ভুয়া খাস আমমোক্তারনামা তৈরি এবং মূল দলিলের বাইরে ২৬১৯ নম্বর দাগ যুক্ত করে সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
​মানববন্ধনে জমির মালিক মোস্তফা মিয়া জানান, চর কাদিরা মৌজার আরএস ৯৮১ খতিয়ানের ৬২৮৩ দাগে তাঁর ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয়েছে। মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেন, তাঁর স্ত্রী নুর জাহান বেগমের রেকর্ডভুক্ত ৪০ শতাংশ জমিতে দিদার খোনকার বসতভিটা নির্মাণ করেছেন। অন্যদিকে ফখরুল ইসলাম জানান, তাঁর চাচি মুরশিদা খাতুনের ১ একর ৫৩ শতাংশ জমি দখল করে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করা হয়েছে।
​তবে অভিযোগ অস্বীকার করে দিদার খোনকার বলেন, ‘আমার বিরুদ্ধে এসব মিথ্যা রটানো হয়েছে। আমার সব কাগজপত্র ঠিক আছে, আপনারা চাইলে দেখাতে পারি।’
​কর্মসূচিতে নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা ব্যানার ও ফেস্টুন হাতে অভিযুক্ত খলিল ও দিদার খোনকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মোস্তফা,আবুল কাশেম, মো. বাহার, মো. ইসরাফিল ও মো. ছিদ্দিক ব্যাপারীসহ স্থানীয় বাসিন্দারা দলিল যাচাই করে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

​এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।