ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে লক ডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের অভিযোগ

Mahamudul Hasan Babu
November 28, 2026 4:06 pm
Link Copied!

​গোপালগঞ্জ প্রতিনিধি। আগামী ২৯ ও ৩০ নভেম্বর (রোববার ও সোমবার) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় গোপালগঞ্জ ও মোল্লাহাট সংযোগ সেতুর ওপর দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সমূহের নেতা কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল বের করে ।পৌর এলাকার আওয়ামী লীগের নেতৃত্বে  একটি মশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি ঘোনাপাড়া মোড় এলাকা থেকে গোবরা ইউনিয়ন ও পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশালসহ বিক্ষোভ মিছিল বের করেন।

​সূত্রের দাবি, মিছিলটি গোপালগঞ্জ ও মোল্লাহাট সংযোগ সেতুর ওপর পৌঁছালে মোল্লাহাট থানা বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিলের ওপর হামলা চালানোর চেষ্টা চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা চালানো হয়। এ সময় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

​এদিকে, শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ নেতাকর্মীদের উদ্যোগে দফায় দফায় বিক্ষোভ মিছিল চলার খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, উত্তেজনা ও যান চলাচলে বিঘ্ন ঘটার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো তৎপরতা দেখা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।