ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

Mahamudul Hasan Babu
May 21, 2026 10:21 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে-রাতে বারবার বিদ্যুৎ আসা-যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও মুসল্লিরা। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ না থাকলেও আগের তুলনায় বেশি বিল গুনতে হচ্ছে গ্রাহকদের।

স্থানীয়দের দাবি, প্রতিদিন ২৫ থেকে ৩০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ এলেও তা ১০ থেকে ১৫ মিনিটের বেশি স্থায়ী হয় না। ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সব বয়সী মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

ফ্রিজনির্ভর ব্যবসায়ীরা বলছেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠান্ডাজাত খাবার নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক এলাকায় ভোল্টেজ এতটাই কম যে ফ্যান ঠিকমতো ঘোরে না, বাতিও ম্লানভাবে জ্বলে।

মসজিদের মুসল্লিদের অভিযোগ, নামাজের সময়ও প্রায়ই বিদ্যুৎ থাকে না। বিশেষ করে জুমার নামাজের সময় লোডশেডিং হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রত্যন্ত গ্রামের অনেক এলাকায় দিনে মাত্র এক ঘণ্টার মতো বিদ্যুৎ পাওয়া যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার সময় ভোল্টেজ হঠাৎ বেড়ে যাওয়ায় মিটারে অতিরিক্ত ইউনিট যোগ হচ্ছে। এ কারণেই গ্রাহকদের বেশি বিল পরিশোধ করতে হচ্ছে।

শরণখোলা সাব-জোনাল অফিসের এজিএম বলেন, বিদ্যুতের উৎপাদন ঘাটতির কারণে জাতীয়ভাবেই লোডশেডিং হচ্ছে। শরণখোলায় প্রায় ৩৯ হাজার গ্রাহকের জন্য ১৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। তবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে হবে। তাহলেই ভবিষ্যতে লোডশেডিং পরিস্থিতি কমে আসবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শরণখোলায় একটি সাব-স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া মোংলা গ্রিড থেকে শরণখোলা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ চলমান রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলে তিনি জানান।