নওগাঁ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলার আলোচিত নারী আঁখি মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে মানবিক দিক বিবেচনায় তিনি জামিনে মুক্তি পান। তবে মুক্তির পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
আঁখির দাবি, তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এর পেছনে তার শাশুড়ির আগের পক্ষের ছেলে (ভাসুর) ও ননদের সম্পৃক্ততা রয়েছে। তাদের উদ্দেশ্য হলো তার স্বামীর রেখে যাওয়া বাড়িঘর ও সম্পত্তি দখল করা এবং তাকে সন্তানসহ ওই বাড়ি থেকে উচ্ছেদ করা।
জানা যায়, আখির স্বামী প্রায় দুই মাস আগে মারা যান। এরপর তিনটি ছোট সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। এমন পরিস্থিতিতে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিলে সন্তানরা অসহায় হয়ে পড়ে। ঘটনাটি সময় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী আলোচনা সৃষ্টি হয়। পরে প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নির্দেশনায় বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
আঁখির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবু জাহিদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোনো ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত করতে হলে ঘটনাস্থলে মাদক সেবনের আলামত থাকতে হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির ডোপ টেস্ট করানো প্রয়োজন। কিন্তু আঁখির কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি, মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়নি এবং জব্দ তালিকাতেও এমন কোনো আলামতের উল্লেখ নেই। ডোপ টেস্টও করা হয়নি। এসব বিষয় বিবেচনায় আমাদের কাছে এটি পূর্বপরিকল্পিত একটি ঘটনা বলে মনে হয়েছে।”
তিনি আরও বলেন, “আঁখির কাছ থেকে জানা গেছে, তার স্বামীর সম্পত্তি দখলের উদ্দেশ্যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগে যাদের নাম এসেছে, তারাই আবার মামলার সাক্ষী। বাইরের কোনো নিরপেক্ষ সাক্ষী নেই। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।”
জামিনে মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আখি এবং বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশকারী এক টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আখির দাবি, একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
তার আইনজীবী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও মানহানিকর মন্তব্যের মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে, যা দেশের প্রচলিত সাইবার আইনের পরিপন্থী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে তিন সন্তানকে নিয়ে আখি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার তার মানসিক অবস্থাকে আরও দুর্বিষহ করে তুলেছে।
আঁখি প্রশাসনের কাছে তার ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তি দখলের অভিযোগ তদন্ত এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি একজন অসহায় বিধবা নারী ও তার তিন শিশুসন্তানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
