ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Mahamudul Hasan Babu
August 17, 2026 2:06 pm
Link Copied!

রওশন আলম,ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ-নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহাজান ইসলাম (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজান ইসলাম ডিমলা উপজেলার আমডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আহতরা হলেন মোটরসাইকেল চালক মমিনুর ইসলাম ও লোকমান হোসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাজান ইসলাম, তার চাচা ও ফুফা ডিমলা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে তিনবট বাজার এলাকায় জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের বসুনিয়া হাটের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়ে তিনজন চাপা পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজান ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মমিনুর ইসলাম ও লোকমান হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহতের চাচা জাহিদুল ইসলাম বলেন, শাহাজান এবার এসএসসি পাস করেছে। কিছুদিনের মধ্যে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সে ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

এদিকে দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে গেছেন।

ডোমার থানার এসআই কাওছার আলম শাহাজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।