মোঃ সাইফুর রশিদ চৌধুরী।ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক তথ্য अधिकार দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”। আন্তর্জাতিকভাবে প্রতিপাদ্যটির ইংরেজি রূপ— “Upholding Information Integrity in the Digital Age: The Role of Access to Information in Addressing Information Disorder.”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক বলেন, “বর্তমান ডিজিটাল প্রযুক্তি নির্ভর সময়ে তথ্য মানুষের দৈনন্দিন জীবন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে মুহূর্তের মধ্যে একটি তথ্য বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে একই সঙ্গে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, “এ পরিস্থিতিতে নাগরিকদের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্য পৌঁছে দিতে হবে। তথ্য অধিকারে নাগরিকরা বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করে এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবে।”
এ সময় গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা বেনজীর আহমেদ বলেন, “একজন নাগরিক চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল তথ্যের মালিক নাগরিক।”
তিনি আরও উল্লেখ করেন, তথ্য অধিকার নাগরিকের ক্ষমতায়নের পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তথ্য সহজলভ্য হলে জনগণের অংশগ্রহণ বাড়ে এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা শক্তিশালী হয়।
আলোচনা সভায় বক্তারা সরকারি তথ্যপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ, কার্যকর ও বান্ধব করার ওপর জোর দেন। একই সঙ্গে তথ্য প্রকাশ ও ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন, ডিজিটাল যুগে তথ্যের নির্ভরযোগ্যতা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
