নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে সার বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে এক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আকাশ এন্টারপ্রাইজে সার বিতরণে অনিয়মের বিষয়টি পরিলক্ষিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম হোড় এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন,কৃষকদের মাঝে সার বিতরণে কোনো ধরনের কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে। কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিকভাবে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
