আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব পুড়াপাড়া বাজারে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে পুড়াপাড়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী গাড়াডোব গ্রামের আবুল হাশেমের ছেলে সুজন আলী লিখিত বক্তব্য বলেন,সম্প্রতি আমাকে ও আমার পরিবারকে নিয়ে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন।
আমার পারিবারিক বাড়ি নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়েছে, তা বিভ্রান্তিকর। সাংবাদিক স্বপন সাহেব আমার বাবাকে দিনমজুর বলেছে, স্বপন সাহেব হয়তোবা জানেনা আমার বাবার পৈত্রিক ও নিজস্ব সম্পত্তির বিষয়ে।
তিনি আরও বলেন, আমার বাবা ২০১০ সালের আগেই প্রায় ৮/১০ বিঘা জমিক্রয় করেন। আমাদের বাড়ির জমিও বাপ দাদার পৈত্রিক সম্পত্তি। এছাড়াও আমার বাবার কষ্টের উপার্জিত অর্থ এবং আমার নানার বাড়ির এলাকা বামন্দিতে থাকা জমি বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই মূলত আমার বাবা বাড়িটি নির্মাণ করেছেন। তাই বাড়ি নির্মাণের ব্যয়ে আমার কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার সুযোগ নেই।
আমি ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি এবং পড়াশোনার পাশাপাশি একটি আইটি ফার্মে চাকরি করতাম। করোনা মহামারির সময় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বাড়িতে ফিরে আসি। এরপর ছোট পরিসরে গরুর খামার ও পোল্ট্রি খামার করি এবং বাবার কৃষিকাজে সহযোগিতা করে আসছি।
আমার নামে জুয়া, অনলাইন জুয়া বা এ-সংক্রান্ত কোনো মামলা নেই এবং এ ধরনের কোনো অভিযোগও আমার জানা নেই। কেউ যদি এমন কোনো মামলা বা অভিযোগের কথা বলে থাকেন, তাহলে তার প্রমাণ প্রকাশের দাবি জানাচ্ছি।
আমার প্রশ্ন হলো-কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দিয়ে সংবাদ প্রকাশ করা কতটা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে? সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে কি না এবং প্রকাশিত তথ্যের পক্ষে কী প্রমাণ রয়েছে-সেটিও জনসম্মুখে পরিষ্কার করা প্রয়োজন।
আমি গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে নই। বরং আমি চাই, আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত ও প্রকাশ করা হোক। একই সঙ্গে আমার বক্তব্যও জনগণের সামনে তুলে ধরা হোক। আমার চাচাতো ভাই স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ঘোষনা দেওয়ার পর থেকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়।
স্বপনের বাড়ী গাড়াডোব আমার বাড়ীও গাড়াডোবে। সে নিজেও একটি রাজনৈতিক দলের সদস্য। যার ফলে সে ষড়যন্ত্র করেই এগুলো করছে। এটা তদন্ত করলেই বেরিয়ে আসবে। একজন দল করা মানুষ কখনো নিরপেক্ষ সাংবাদিক হতে পারে না।
তাই সে পরিকল্পিতভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ও আমার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট, ইঙ্গিতপূর্ণ বক্তব্য ও প্রচারণার মাধ্যমে সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানি করা হচ্ছে বলে আমার অভিযোগ। এসব বিষয়ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানাচ্ছি।
আমার দাবি-প্রকাশিত সংবাদটির তথ্যের উৎস, প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা হোক।
সত্য প্রমাণিত হলে আমি আইন অনুযায়ী ব্যবস্থা মেনে নেব; আর অভিযোগ মিথ্যা হলে আমার ও আমার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার দায় স্বপনসহ সংশ্লিষ্টদের নিতে হবে। কারও বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা চাই না। আমি শুধু সত্য, ন্যায়বিচার ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করি।
