নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে রাতের আঁধারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিসমিল্লাহ ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী হাজী স্বপন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রোববার রাতে ছাতক শহরের তাহির প্লাজার সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের অভিযোগ,পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী হাজী স্বপন মিয়া প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষ করে রাত আনুমানিক ১১টার দিকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ছাতক শহরের তাহির প্লাজার সামনে পৌঁছালে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত হাজী স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারফিননগর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের ছেলে। তিনি ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত ছাতক শহরে যাতায়াত করতেন।হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পরিবারের এক সদস্য বলেন, ব্যবসার কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা করা হয়েছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ছাতক থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
