পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠিপুর দাশপাড়া এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত্যু গৌর চন্দ্র দাশের ছেলে শংকর দাশের সাথে তার আপন মামা সন্তোস দাশের বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ওই বিরোধের জেরে সন্তোষ চন্দ্র দাশ, সাধন চন্দ্র দাশ, সরণ চন্দ্র দাশসহ শতাধিক ভাড়াটিয়া লোকজন সেখানে গিয়ে শ্রী শ্রী রাধা কৃঞ্চ মন্দির ভাঙচুর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আকালু চন্দ্র দাশ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই মন্দিরে পূজা করে আসছি। কিন্তু হঠাৎ ভাড়াটিয়া লোকজন নিয়ে মন্দিরে ভাঙচুর করা হয়েছে। তারা এটা ঠিক করেনি। নয়ন চন্দ্র নামে আরেক বাসিন্দা বলেন, সামনে আমাদের পূজা। এর মধ্যে মন্দির ভাঙচুর করেছে। আমরা প্রশাসনের কাছে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী শংকর চন্দ্র দাশ বলেন, আমি গতকাল মন্দিরের নামে দুই শতক জমি লিখে দিয়েছি। তারা ওই জমি নিজেদের দাবি করে লোকজন নিয়ে এসে ভাঙচুর করেছে। আমাদের মন্দিরের প্রতিমা ও ব্র্যাক স্কুলের স্থাপনা ভেঙে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠ তদন্ত করে বিচার চাই।
অভিযুক্ত সন্তোষ চন্দ্র দাশ বলেন, আমাদের জায়গায় প্রাচীর ও ব্র্যাক স্কুলের স্থাপনা দেওয়া হয়েছে। আমরা সেগুলো ভেঙে দিয়েছি। মন্দির ও প্রতিমা আমরা ভাঙিনি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—
