ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় করতেই সাজানো অভিযোগ, দাবি আবু তাহেরের

Mahamudul Hasan Babu
October 31, 2026 4:20 pm
Link Copied!

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর:গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব ও গাজীপুর জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, সংসার ভাঙার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আবু তাহের প্রধান। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে সম্মানহানি করতে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

আবু তাহের প্রধানের দাবি, অভিযোগকারী পক্ষের সঙ্গে পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে বিভিন্ন অভিযোগ তোলার পাশাপাশি তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। এ-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাদের কাছে ওই রেকর্ড উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ২০ অক্টোবর মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি আবু তাহের প্রধানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি, সংসার ভাঙার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন।

তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে আবু তাহের প্রধান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ সামনে আনা হয়েছে। একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।

তিনি বলেন, কারও ব্যক্তিগত সংসার বা পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে তিনি জড়িত নন। বরং তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে অর্থ দাবি করা হয়েছিল বলে তাঁর কাছে কথোপকথনের রেকর্ড রয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আবু তাহের প্রধান সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে যেন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা অডিও রেকর্ডসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।