ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ইন্টারনেট ব্যবসায়ীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ, টাকা ও মোবাইল ছিনতাই

Mahamudul Hasan Babu
October 31, 2026 4:24 pm
Link Copied!

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে পূর্ববিরোধের জেরে জাহাঙ্গীর আলম পিন্টু (৪৩) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতজনের বিরুদ্ধে। মারধরের পর তাঁকে অচেতন অবস্থায় নির্জন স্থানে ফেলে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গত ২৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শ্রীপুর মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম পিন্টু দীর্ঘদিন ধরে মুলাইদ এলাকায় ‘ভাই ভাই মিডিয়া সেন্টার’ নামে ইন্টারনেট ক্যাবলের ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়িক বিরোধের জেরে অভিযুক্তরা তাঁর কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় ব্যবসায় বাধা, গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে তাঁর দায়ের করা একটি মামলা বর্তমানে চলমান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার রাতে এমসি বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। পরে তাঁকে কিল-ঘুষি, লাথি এবং লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় একজন তাঁর গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তাঁর বুক পকেটে থাকা ৬৬ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, চিৎকার করলে তাঁকে হত্যার পর গুম করার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তদের কয়েকজন জোর করে তাঁর মুখে কোমল পানীয় ঢেলে অচেতন অবস্থায় বাড়ির পশ্চিম পাশের নির্জন স্থানে ফেলে রেখে যান।

পরদিন দুপুরে পরিবারের সদস্যরা তাঁকে ওই স্থান থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম সাংবাদিকদের বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’